প্রতিবেদন প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, সময়ঃ ০২:০৫
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন, শহীদদের আত্মত্যাগ এবং যোদ্ধাদের বীরত্বগাথা স্মৃতিপটে অমলিন রাখতে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। বুধবার (০৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করবেন।
মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে স্মৃতিচারণ করবেন। এ ছাড়া অভ্যুত্থানের সার্বিক ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং চূড়ান্ত বিজয়ের পটভূমি নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানজুড়ে থাকবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনাও।
জাদুঘর নির্মাণ প্রকল্পে দুর্নীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, “যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তবে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
একই সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে জাদুঘরটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।