প্রতিবেদন প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, সময়ঃ ০৪:৫৯
দেশের সড়কে বিশৃঙ্খলা ও বেপরোয়া রেষারেষি বন্ধে গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযোজন ও তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। ১ আগস্ট (শনিবার) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের অধীনে এখন থেকে নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদের জন্য জিপিএস থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে পরিবহন মালিক ও বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তির ওপর নির্ভর করে সড়কের বিশৃঙ্খলা ও দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়।
সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো গণপরিবহন নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ নবায়ন করতে গেলে জিপিএস সংযুক্ত থাকার প্রমাণ দিতে হবে। একই সঙ্গে একটি নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে সেই ডিভাইসের কার্যকারিতাও বিআরটিএ-কে দেখাতে হবে।
প্রতিদিনই দেশের সড়কগুলোতে গণপরিবহনের মধ্যে প্রতিযোগিতা, মোড়ে মোড়ে বেপরোয়াভাবে যাত্রী তোলা এবং লেন দখল করে যানবাহন থামিয়ে রাখার ঘটনা ঘটে। ফলে প্রতিনিয়ত তীব্র যানজট ও দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে। সড়ক ব্যবস্থাপনায় এই বিশৃঙ্খলা দূর করতেই মূলত জিপিএস ট্র্যাকার অনুসরণের সিদ্ধান্ত নেয় সরকার।
বিআরটিএ-র চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, প্রযুক্তিগতভাবে বিষয়টি নিশ্চিত করতে তারা নিজস্ব ব্যবস্থা গড়ে তুলেছেন। তিনি বলেন, “নতুন কোনো গাড়ি নিবন্ধনের জন্য এলে জিপিএস সংযুক্ত অবস্থাতেই আসতে হবে। ফিটনেস নবায়নের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। জিপিএস সত্যিই কাজ করছে কি না, তা আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে।”