প্রতিবেদন প্রকাশ: ২২ জুলাই ২০২৬, সময়ঃ ০২:৩০
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনআরবি)। একই সঙ্গে অধিকাংশ স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) থেকেই ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যেই ২০২৬-২০২৭ কর বর্ষের ই-রিটার্ন সেবা চালু করা হয়েছে। ২০২১ সালে অনলাইন রিটার্ন ব্যবস্থা চালুর পর এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
২০২৫-২০২৬ কর বর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্নের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন।এতে দেশে ডিজিটাল মাধ্যমে করসেবা গ্রহণের প্রবণতা দ্রুত বাড়ছে বলে মনে করছে সংস্থাটি।
বিশেষ আদেশের মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, প্রয়োজনীয় সনদ সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে (পেপার) রিটার্ন দাখিল করতে পারবেন।
এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল সম্ভব না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দেওয়া যাবে।এনবিআরের পোর্টালে ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহের সুবিধাও পাবেন করদাতারা।
ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে ২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন।