প্রতিবেদন প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, সময়ঃ ০৪:১৭
দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। কৃত্রিম সংকট সৃষ্টি বা সার নিয়ে কোনো ধরনের কারসাজির চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃষি ঋণ মওকুফ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের নির্বিঘ্নে কৃষিকাজ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের স্বার্থের পরিপন্থি কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।
তিনি বলেন, সার নিয়ে সংকট সৃষ্টি কিংবা অসাধু কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি যে দলের, মতের বা ধর্মেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের মধ্যে মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষকের হাতে পাঁচটি করে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় মোট ২৯ হাজার ৪৫০টি চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।