টাঙ্গাইলে সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, সময়ঃ ০৯:৩৯

"দেহ বিভু এই বর, করটিয়ার বুকে জাগিয়া উঠুক বঙ্গের আলীগড়"—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মিন্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শরীফ ইসফানি এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. শেখ ফরিদসহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ।

 

অনুষ্ঠান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে এসে সমবেত হন। দীর্ঘ সময় পর প্রিয় ক্যাম্পাসে ফিরে সহপাঠী ও শিক্ষকদের সাথে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আড্ডা, স্মৃতিচারণ আর পারস্পরিক কুশল বিনিময়ে পুরো ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পায়।

 

দিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে ছিল একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় রূপ নেয়।

 

আলোচনা সভায় বক্তারা সরকারি সা’দত কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও শিক্ষার গুণগত মান নিয়ে কথা বলেন। একই সাথে শিক্ষার মানোন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগ বৃদ্ধি এবং কলেজের সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

দিনশেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজন করা হবে এবং তারা প্রিয় ক্যাম্পাসের সাথে সব সময় যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।