প্রতিবেদন প্রকাশ: ২৪ জুন ২০২৬, সময়ঃ ০৭:১৯
রাজধানী ঢাকার চিরচেনা যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নে ফুলবাড়িয়া, সায়েদাবাদ ও কাঞ্চপুর বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব। আজ এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন বিভাগের সচিব জনাব জিয়াউল হক এবং প্রধান প্রকৌশলী জনাব মঈনুল হক। এছাড়া সড়ক পরিবহন নেতা ,বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঢাকার যানজট দূর করতে, যাত্রীদের সেবার মান বাড়াতে এবং বাস টার্মিনালগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে এবং যানজট কমিয়ে আনতে সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হচ্ছে। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ঠিক বিপরীত পাশে এই নতুন আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে এই টার্মিনালের কার্যক্রম পুরোপুরি চালু হয়ে যাবে।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকার বাসের চাপ ও যানজট দূর করা এই টার্মিনাল নির্মাণের মুল উদ্দেশ্য। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার কোনো বাস আর ঢাকার ভেতরের রাস্তায় প্রবেশ করবে না। সব বাস সরাসরি কেরানীগঞ্জের এই নতুন টার্মিনাল থেকেই ছেড়ে যাবে, যা রাজধানীর যানজট নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।