' বাংলাদেশ মঞ্চ ' সংগঠনের বৃক্ষ রোপণ ,পরিষ্কার পরিচ্ছন্নতা ও পথশিশুদের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৬ জুন ২০২৬, সময়ঃ ১১:০৯


আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বর্ণাঢ্য ও বহুমুখী এক কর্মসূচির আয়োজন করেছে সামাজিক সংগঠন 'বাংলাদেশ মঞ্চ'। আজ শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে একটি বিশেষ সমাবেশ, বৃক্ষ রোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

ব্যতিক্রমী এই আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে পাশে ছিল ‘বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন’এবং ‘আর্থ রুট ফাউন্ডেশন’। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর এবিএম শহীদুল ইসলাম।

 

সমাবেশে উপস্থিত বক্তারা বিশ্ব পরিবেশ রক্ষা এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তারা অবলা প্রাণীদের প্রতি সদয় হওয়া এবং দেশের পথশিশুদের অবহেলা না করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে পরিবেশপ্রেমী নাগরিকদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন দেশের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

উপস্থিতদের মধ্যে ছিলেন:

 

ফুয়াদ সাকী, আহ্বায়ক, বাংলাদেশ মঞ্চ ।
শাহাবুদ্দিন ফরাজি, সভাপতি, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন।
বোরহানউদ্দিন ও ওয়ালিউল্লাহ, আজাদ পার্টি।
ফরিদ আহমেদ, সভাপতি, মৌলিক বাংলা।
আহাদ ও সালাম, বিশিষ্ট সমাজসেবী।

 

সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মী ও অতিথিরা নিজ হাতে শাহবাগ এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ করেন। কর্মসূচির শেষ অংশে সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সুস্থ পরিবেশ ও মানবিক সমাজ গঠনের বার্তা দেওয়ার মাধ্যমেই অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।