মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০২ জুন ২০২৬, সময়ঃ ১২:৪৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচজন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সার-সংক্ষেপে প্রধানমন্ত্রী তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর অর্থায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সফরের উদ্দেশ্য ছিল মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তি পরিদর্শন করা।

 

তবে এ বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

 

প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশ সফরের পরিবর্তে স্থানীয় বাস্তবতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার বার্তাই এতে প্রতিফলিত হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় পরিবেশ, জলাবদ্ধতা, ডোবা-নালা এবং নগর ব্যবস্থাপনার সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ ও সমাধান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিদেশি অভিজ্ঞতা উপকারী হলেও স্থানীয় বাস্তবতাভিত্তিক উদ্ভাবন ও কার্যক্রম অধিক ফলপ্রসূ হতে পারে।

 

উল্লেখ্য, দেশে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনগুলো নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে মশার উপদ্রব ও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কার্যকর ও টেকসই সমাধান নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।