প্রতিবেদন প্রকাশ: ২৩ মে ২০২৬, সময়ঃ ০৮:৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় কবি রেজাউদ্দিন স্টালিন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা। সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দেশের এই দুই কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান এই নতুন দায়িত্ব পাওয়ায় বাউল শিল্পীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। আসন্ন ঈদ উপলক্ষে বাউলদের হাতে উৎসবের খরচ হিসেবে নগদ অর্থ সহায়তা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল এবং সাধারণ সম্পাদক, লালন গবেষক সরদার হীরক রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অধ্যাপক ড. জাহিদুল কবীর লিটন (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়) ,আবুল কালাম (উপসচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) , সৈয়দ আলী আহসান লিটন (প্রোগ্রাম ম্যানেজার, চ্যানেল এস) , রিপন শেখ (স্টাফ রিপোর্টার, ইসলামিক টিভি) ।
এই আয়োজনে বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান করেন আমেরিকা প্রবাসী বাউল অনুরাগী রিসালাত খান। মূলত তাঁর সহযোগিতায় বাউল ও লোকশিল্পীদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া সম্ভব হয়। অনুষ্ঠানে সমির বাউলসহ অসংখ্য বাউল সাধক, শিল্পী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।