ঈদকে সামনে রেখে মাঠ পর্যায়ে পেশাদারির সঙ্গে কাজ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৯ মে ২০২৬, সময়ঃ ০৭:৩৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে আরো পেশাদারি ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।


মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলনকক্ষে মার্চ ও এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।


সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার মার্চ ও এপ্রিল মাসের সংঘটিত অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের নির্দেশ দেন ডিআইজি।


তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মানুষের ঘরমুখো যাত্রা, পশুর হাট, মহাসড়কে যানবাহনের চাপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

সভায় রেঞ্জের সার্বিক অপরাধ পরিস্থিতির উন্নয়ন, দ্রুত পুলিশি সেবা দেওয়া, ডিজিটাল পর্যবেক্ষণ জোরদার এবং সমন্বিত অভিযান আরো গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।


সভায় আরো ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের কমান্ড্যান্ট মোহা. ইমামুর রশীদ, ট্রাফিক ম্যানেজমেন্টের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।