ঈদে পশু পরিবহনে নতুন নির্দেশনা জারি অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৮ মে ২০২৬, সময়ঃ ০২:২২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাকের সামনে সংশ্লিষ্ট পশুর হাটের নাম ও ঠিকানা ব্যানারে স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।


সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু—গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু—যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে ব্যানারে লিখে রাখতে হবে।
 

তিনি বলেন, এতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাওয়া সহজ হবে এবং পথে হয়রানি বা বাধার আশঙ্কা কমবে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পশু পরিবহনের সময় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে। নির্দেশনাটি যথাযথভাবে পালনের জন্য ট্রাক মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।