প্রতিবেদন প্রকাশ: ১৭ মে ২০২৬, সময়ঃ ০২:৫৮
রাজধানীর অন্যতম প্রধান প্রযুক্তি বাজার শাহবাগের মোতালেব প্লাজায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দোকান মালিক সমিতি ও মার্কেট পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট এই বিরোধের জেরে যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন সাধারণ ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোতালেব প্লাজার পূর্ববর্তী কমিটির শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। এতে মার্কেটে প্রশাসনিক স্থবিরতা ও নেতৃত্ব সংকট তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় খোন্দকার আকতার হামিদ পবনকে সভাপতি এবং শাহ আলম বেপারীকে সাধারণ সম্পাদক করে একটি নতুন এডহক কমিটি গঠন করা হয়।
তবে এই কমিটিকে ‘অবৈধ’ ও ‘বিনা নির্বাচনের কমিটি’ হিসেবে দাবি করে এর তীব্র বিরোধিতা শুরু করে সাবেক কমিটির একটি পক্ষ।
নতুন এডহক কমিটির পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, গত ৩ মে ২০২৬ তারিখে সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাচ্চুর নেতৃত্বে একদল লোক মার্কেটে এসে বর্তমান কমিটির নেতাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। এসময় তারা মার্কেট বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে, খোন্দকার আকতার হামিদ পবন সংবাদমাধ্যমকে জানান, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
পাল্টা অবস্থানে থাকা সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সংঘাত নয় বরং নিয়মতান্ত্রিক সমাধান চান। তার দাবি, বৈধ সমিতিকে পাশ কাটিয়ে অফিস দখল করার কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। তিনি সকল পক্ষকে নিয়ে একটি গ্রহণযোগ্য এডহক কমিটি গঠন এবং দ্রুত স্বচ্ছ নির্বাচনের দাবি জানান।
দেশের অন্যতম বৃহৎ এই মোবাইল ও গ্যাজেট মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা বর্তমানে দিশেহারা। দীর্ঘদিনের এই ক্ষমতার লড়াই, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সংস্কৃতিতে তারা অতিষ্ঠ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তারা কোনো পক্ষের বিবাদে জড়াতে চান না, শুধু শান্তিপূর্ণভাবে ব্যবসা করার পরিবেশ চান ।
মোতালেব প্লাজায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থেকে সংবাদ সম্মেলন ও শোডাউন করছে। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, প্রতিদিন হাজার হাজার ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটা এই মার্কেটে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে রাজধানীর প্রযুক্তি পণ্যের সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা এই সংকট নিরসনে দ্রুত একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন।