শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার-মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ মে ২০২৬, সময়ঃ ০১:৫৪

বর্তমান সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সরকার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্বরোপ করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোয়ালিটি বাড়ানোর জন্য, তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য।


তার মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে।আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ওয়ান টিচার ওয়ান ট্যাপ স্কিল রয়েছে, যেখানে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের ট্রেনিং আরো বাড়বে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষার কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল।


তার মাধ্যমে শুধু শিক্ষকদের মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে তারা আরো ক্ষমতায়িত হবেন।বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণে বেকারত্ব বেশি। তাই একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ শুরু হয়েছে।


মেধা পাচার নয়, মেধা লালন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা বিকশিত হবে।