প্রতিবেদন প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৪:২১
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।
বেলা ১১টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্য জানতে চান, বিগত সরকারের সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতটি হয়রানিমূলক মামলা করা হয়েছে এবং সেগুলো প্রত্যাহারের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না।
এর জবাবে আইনমন্ত্রী জানান, সাধারণত এজাহারে অভিযুক্তের দলীয় পরিচয় উল্লেখ থাকে না। এ কারণে সারাদেশে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নামে ঠিক কতটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই।
তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।
মামলা প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের ৫ মার্চ জেলা পর্যায়ে চার সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি মামলা প্রত্যাহারের বিষয়ে সুপারিশ প্রদান করে। পরবর্তীতে সুপারিশগুলো যাচাই-বাছাই করার জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
আইনমন্ত্রী আরও জানান, এই কমিটির মাধ্যমে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা সম্ভব হয়েছে। যেসব মামলা এখনো প্রত্যাহার করা হয়নি, সেগুলো প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।