প্রতিবেদন প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, সময়ঃ ১০:৩৪
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জ্বালানি ও অর্থনৈতিক অস্থিরতা। এই সংকটময় পরিস্থিতিতে নিজ অঞ্চলের শিল্প ও কৃষি খাতকে সুরক্ষা দিতে বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে ইউরোপীয় ইউনিয়ন তাদের সরকারি অনুদান বা ভর্তুকি প্রদানের নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে। এর ফলে ইইউভুক্ত দেশগুলো এখন থেকে সরাসরি তাদের সংকটাপন্ন শিল্প খাতগুলোতে সরকারি তহবিল থেকে অর্থ বিনিয়োগ করতে পারবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা শুরু হয়। প্রায় ৪০ দিন ধরে চলমান এই যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। মূলত এই অস্থিতিশীলতা মোকাবিলা করতেই ইইউ বুধবার কৃষি ও জ্বালানিনির্ভর শিল্পগুলোর জন্য সরকারি অর্থ ব্যবহারের অনুমতি দেয়।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিষয়ক প্রধান তেরেসা রিবেরা এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তার দ্রুত এবং কার্যকর সমাধান প্রয়োজন।
তিনি আরও বলেন, "যেসব শিল্পে প্রচুর জ্বালানির প্রয়োজন এবং যারা আমদানির ওপর নির্ভরশীল, তাদের সুরক্ষায় সদস্য রাষ্ট্রগুলোর আহ্বানে সাড়া দিয়ে নিয়মগুলো আরও সহজ ও নমনীয় করা হচ্ছে। তবে এই পুরো প্রক্রিয়াটি একটি সমন্বিত ইউরোপীয় পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন করা হবে।"
বিশেষজ্ঞরা মনে করছেন, ইইউ-এর এই উদ্যোগের ফলে মহাদেশটির শিল্প ও কৃষি উৎপাদন ব্যবস্থায় ধস নামার ঝুঁকি কিছুটা হলেও হ্রাস পাবে।