সংরক্ষিত নারী আসন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, সময়ঃ ১০:১২

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৯ জন প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিটার্নিং অফিসার মো. মহিউদ্দিন খান।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচিতদের নাম চূড়ান্ত করে আগামীকাল বৃহস্পতিবার সরকারি গেজেট প্রকাশ করা হবে।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা বড় জয় পেয়েছেন। ৪৯টি আসনের মধ্যে ,বিএনপি ও সমমনা জোট: ৩৬ জন।জামায়াত-এনসিপি জোট ১২ জন। স্বতন্ত্র জোট: ১ জন।

বিএনপি ও তার মিত্র জোট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৬ জন নারী নেত্রীর তালিকায় রয়েছেন বর্ষীয়ান নেত্রী সেলিমা রহমান, শিরীন সুলতানা এবং রাশেদা বেগম হীরা। এছাড়া রয়েছেন রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি এবং নিপুণ রায় চৌধুরী।

 

তালিকায় আরও নাম রয়েছে জীবা আমিনা খান, মাহ্‌মুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্‌জ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদের। এছাড়া বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানাও নির্বাচিত হয়েছেন।

 

সংরক্ষিত আসনে জামায়াত-এনসিপি জোট থেকে নির্বাচিত ১২ জন হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মোসা. নাজমুন নাহার, মাহফুজা হান্নান, মিসেস সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহবুবা হাকিম।

 

অন্যদিকে, জাতীয় সংসদের ৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত জোটের পক্ষ থেকে সুলতানা জেসমিন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।