পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৯:১১

বাংলাদেশ পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে নতুন করে আরও ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর মধ্যে ৫শ জন এএসপি, ৪ হাজার এসআই এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট পদের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এই পদগুলোকে তিন ভাগে বিন্যাস করা হয়েছে এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি , নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি ,আউটসোর্সিং (নন-পুলিশ) পদ ২ হাজার ৭৬২টি।

সংসদকে জানানো হয়, নতুন করে অনুমোদিত ১৪ হাজার ৫০০টি পদের মধ্যে ক্যাডার ও নন-ক্যাডার উভয় পর্যায়ের নিয়োগ থাকছে। ৫০০টি এএসপি (সহকারী পুলিশ সুপার) পদ ছাড়াও ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া বর্তমান সরকারের আমলেই ২ হাজার ৭০৩টি শূন্য পদে কনস্টেবল নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে এবং সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

 

এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অপরাধ চিত্র ও আইনি পদক্ষেপের তথ্য তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকারের সময় সারা দেশে এ পর্যন্ত হত্যা মামলা ৪৬৪টি দায়ের করা হয়েছে (গ্রেপ্তার ৬০৪ জন, জামিন পেয়েছেন ১১ জন)। ধর্ষণ মামলা ৬৬৬টি দায়ের করা হয়েছে (গ্রেপ্তার ৫৩০ জন, জামিন পেয়েছেন ৭১ জন)।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আশ্বস্ত করেন যে, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, "প্রতিটি মামলা অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।"