প্রতিবেদন প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৪:১৯
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৯৪১ জন বাংলাদেশি। আজ রবিবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি জানান, আজ সকাল ১০টা পর্যন্ত মোট ৮৭টি ফ্লাইটে হজযাত্রীরা জেদ্দায় অবতরণ করেছেন।
হজ কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছাচ্ছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৫ হাজার ২৯৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইটে ১৫ হাজার ৫০৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট হজযাত্রীরাও নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরব পৌঁছাবেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করবেন। বেসরকারি খাতের হজ কার্যক্রম পরিচালনার জন্য ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ মোট ৬৬০টি সংস্থা কাজ করছে।
এদিকে, গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৮৭৮টি ভিসা দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।