প্রতিবেদন প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, সময়ঃ ০২:০৪
এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের প্রশ্নফাঁস হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যারা প্রশ্নফাঁসের খবর ছড়িয়েছে তারা মূলত বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। জনসাধারণকে এই ধরনের মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে গত ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অথচ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর প্রশ্নফাঁসের এমন ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই গুজব রটিয়েছে। এই অপপ্রচারের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বা এর আওতাধীন কোনো দপ্তর, কর্মকর্তা বা কর্মচারীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
প্রতারণা থেকে বাঁচতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রণালয় বলেছে, প্রশ্নফাঁস সংক্রান্ত যেকোনো ধরনের প্রলোভনে পড়ে কাউকে কোনো প্রকার টাকা-পয়সা লেনদেন করবেন না। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার কারো নজরে এলে, তা দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।