প্রতিবেদন প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৯:০০
আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে দুই দেশ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা’ এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আলোচনায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির উপস্থিত ছিলেন।
বৈঠকে ইরান ও পাকিস্তানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিরসনে এবং চলমান যুদ্ধ বন্ধে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর উভয় পক্ষই বিশেষ গুরুত্বারোপ করেছে।
বৈঠককালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে ইসলামাবাদের বিশেষ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে পৃথকভাবে বৈঠক করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটে জেনারেল মুনিরের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে আরাগচি জানান, তাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উল্লেখ করেন যে, পাকিস্তান একটি স্থায়ী ও কার্যকর সমাধানে না পৌঁছানো পর্যন্ত তাদের মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত বলে তাকে আশ্বস্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, গত এপ্রিলের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর পাকিস্তান বর্তমানে দ্বিতীয় দফায় মধ্যস্থতার কাজ শুরু করেছে। এর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে ইসলামাবাদ নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করছে।