প্রতিবেদন প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৪:৩৩
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়ায় নতুন সমন্বয় করেছে সরকার। এখন থেকে দূরপাল্লা ও ঢাকা-চট্টগ্রাম মহানগরীর বাস ভাড়ায় প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই নতুন সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী জানান, আজ বৃহস্পতিবার থেকেই এই নতুন ভাড়া কার্যকর হয়েছে। তবে বর্ধিত এই ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে যদি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসে, তবে বাস ভাড়াও পুনরায় কমিয়ে আনা হবে।
বর্তমানে দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রে বর্তমান ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্তের ফলে উল্লেখিত সব রুটেই কিলোমিটারে অতিরিক্ত ১১ পয়সা যুক্ত হবে।
বৈঠকে অন্যান্য গণপরিবহনের বিষয়েও আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, আপাতত শুধুমাত্র বাসের ভাড়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। রেল বা নৌ-পরিবহনের ভাড়া পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। এর ফলে ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বৃদ্ধি পায়। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে জ্বালানি তেলের নতুন এই দাম কার্যকর হওয়ার পর থেকেই গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা।