প্রতিবেদন প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৪:১১
দিনাজপুরের পার্বতীপুর মেঘনা রেলহেড অয়েল ডিপোতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জ্বালানি তেলবাহী এই চালানটি ডিপোতে পৌঁছায়।
পার্বতীপুর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশন ম্যানেজার কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি থেকে গত সোমবার (২০ এপ্রিল) রাত ৮টায় এই তেল পাম্পিং শুরু হয়েছিল। দীর্ঘ ৬৫ থেকে ৭০ ঘণ্টার যাত্রা শেষে ডিজেল পার্বতীপুরের রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছায়।
চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় চালান। সব মিলিয়ে এ মাসে এখন পর্যন্ত মোট ২০ হাজার টন ডিজেল এসেছে। চলতি মাসে ভারত থেকে মোট ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এর আগে গত ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছায়। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ৪২ হাজার টন ডিজেল এল। এর আগে মার্চ মাস পর্যন্ত মোট ২২ হাজার টন তেল এসেছিল।
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আসা এই ডিজেল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সরবরাহ করা হয়। এর মাধ্যমে উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূ-গর্ভস্থ পাইপলাইন নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে আমদানি কার্যক্রমের সূচনা ঘটে।
চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত এই ডিজেল সরবরাহ করবে। বর্তমানে বছরে ২ থেকে ৩ লাখ টন আমদানির লক্ষ্যমাত্রা থাকলেও, চাহিদা ও সক্ষমতা অনুযায়ী তা ১০ লাখ টন পর্যন্ত উন্নীত করার সুযোগ রয়েছে। আগে রেলওয়ে ওয়াগনের মাধ্যমে তেল আনতে ৬ থেকে ৭ দিন সময় লাগলেও, এখন পাইপলাইনের মাধ্যমে দ্রুত ও সহজে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে।