প্রতিবেদন প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:০৮
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, গণতন্ত্রে মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে সরকারের মূল লক্ষ্য হলো দেশের মানুষের সার্বিক উন্নয়ন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে, সেখানে জনগণের পক্ষ থেকে স্বচ্ছ প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা যা করব তা প্রকাশ্যেই করব, এখানে কোনো লুকোচুরির স্থান নেই।”
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যখন অন্য কোনো দল ‘সংস্কার’ শব্দটি উচ্চারণ করার সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়েছিল। গত ১৬ বছরে স্বাস্থ্য, শিক্ষা ও ব্যাংকিং খাতসহ দেশের প্রতিটি স্তম্ভকে ধ্বংস করা হয়েছে এবং মেগা প্রজেক্টের নামে লুটপাট চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের কল্যাণে ইতিমধেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, নিম্নবিত্ত ও কৃষকদের সহায়তায় বিশেষ কার্ডের ব্যবস্থা , ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানি প্রদানের কার্যক্রম।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘খাল খনন কর্মসূচি’পুনরায় শুরু করা হয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের যুবসমাজের জন্য সুখবর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বল্প ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু হয়েছে। দ্রুতই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। এছাড়া স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানি সহজতর করতে বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে সকালে সড়কপথে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি জেলা জজ আদালতের নতুন ভবন ও ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন এবং গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন করেন। দিনের কর্মসূচির শেষে তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচি ও স্থানীয় উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।