প্রতিবেদন প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৫:০২
দেশে জ্বালানি সংকটের পেছনে বিগত সরকার দায়ী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘দেশের মাটির নিচে পর্যাপ্ত গ্যাস থাকলেও উত্তোলন করেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।’
সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে হাম ও রুবেলার টিকা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা আর অর্থনীতির দায়িত্ব কাঁধে নিয়েই রাষ্ট্র সংস্কার করে যাচ্ছে বিএনপি সরকার।
দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে আমরা দেশে বহু তাজা শিশুর প্রাণ হারিয়েছি।
তথ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির মতো জাতীয় সংকট মোকাবেলার সঙ্গে সঙ্গে হাম সংক্রমণ প্রতিরোধেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবাধ তথ্য প্রদানের সুযোগে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেদিকে গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে
হাম ও রুবেলার কারণে বহু তাজা প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে।’
জহির উদ্দিন স্বপন আরো বলেন, ‘হাম ও রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এ জন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরো আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে এই ক্যাম্পেইন বাস্তবায়ন সম্ভব হবে।’
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, বরিশাল পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম মঞ্জুরে এলাহী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশ্বস্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ও বিভাগীয় সমম্বয়ক ডা. মনিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব প্রমুখ।