বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৭:৪৮

বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন থেকে প্রতি সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি বা অনলাইন মাধ্যমে পরিচালিত হবে।

 

আজ রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তা মোকাবিলা এবং সরকারি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নীতির সঙ্গে সংহতি রেখেই সুপ্রিম কোর্ট এই পদক্ষেপ গ্রহণ করেছে। সপ্তাহে নির্দিষ্ট দুই দিন সশরীরে উপস্থিতির বদলে অনলাইনেই আদালতের কার্যক্রম সম্পন্ন হবে।

 

ভার্চুয়াল আদালত পরিচালনার সুবিধার্থে সংশ্লিষ্ট আইনজীবী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার (২০ এপ্রিল) তারিখের মধ্যে হাইকোর্ট বিভাগের আইটি শাখা থেকে জুম আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

 

আদালত সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।