৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে একক কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৭:৪৫


ইসলামিক টিভি ডেস্ক: দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল, আধুনিক এবং সমন্বিত করার লক্ষ্যে এক বিশাল প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বিনিয়োগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি সংস্থাকে বিলুপ্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সংস্থাকে একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন ও শক্তিশালী কেন্দ্রীয় দপ্তর গঠন করা হবে।

 

সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে বর্তমানের সুপরিচিত ছয়টি বড় প্রতিষ্ঠান তাদের একক অস্তিত্ব হারাচ্ছে। বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলো হলো : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ,বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ,বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ,বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্তৃপক্ষবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ।

 

সংশ্লিষ্ট সূত্রমতে, বিনিয়োগ সেবাকে একই ছাতার নিচে নিয়ে আসাই এই সংস্কারের প্রধান উদ্দেশ্য। বর্তমানে বিনিয়োগকারীদের বিভিন্ন অনুমোদনের জন্য ভিন্ন ভিন্ন সংস্থার দ্বারস্থ হতে হয়, যা অনেক সময় সমন্বয়হীনতা তৈরি করে। এই ছয়টি সংস্থাকে একীভূত করে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ গঠন করা হলে প্রশাসনিক জটিলতা কমবে এবং বিনিয়োগ প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

 

নতুন এই দপ্তর গঠনের মাধ্যমে দেশে দেশি-বিদেশি বিনিয়োগের পথ আরও সুগম হবে। ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে হাই-টেক পার্ক কিংবা অর্থনৈতিক অঞ্চল—সবকিছুর তদারকি এখন থেকে একটি একক কর্তৃপক্ষই করবে। এর ফলে সরকারি সম্পদ ও জনবলের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী ভিত্তি পাবে।