ই-হেলথ কার্ড ও লাখো স্বাস্থ্যকর্মী নিয়োগসহ সরকারের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৯:০৮

সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে এক জনগুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছু বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি সরকারের গত দুই মাসের ৬০টি উল্লেখযোগ্য সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

দেশের প্রতিটি নাগরিকের জন্য সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 'ই-হেলথ কার্ড' প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে রোগীদের চিকিৎসার তথ্য সংরক্ষণ ও সেবা প্রদান আরও সহজতর হবে। পাশাপাশি, রোগীদের নিরাপত্তা ও হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশের হাসপাতালগুলোতে বিশেষ নিরাপত্তাকর্মী মোতায়েন করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা।

 

প্রাথমিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় নারী ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাহদী আমিন জানান, মোট নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ্যে ৮০ শতাংশই নারী কোটা থেকে পূরণ করা হবে।

 

দীর্ঘদিন স্থগিত থাকার পর দেশে আবারও হামের টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচিকে বেগবান করতে দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে টিকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

 

বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণে এই কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে বলে জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বর্তমান সরকারের মেয়াদের প্রথম দুই মাসে নেওয়া জনকল্যাণমূলক ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিস্তারিত বিবরণ সংবাদমাধ্যমের সামনে উপস্থাপন করেন।