প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:৪৬
লেবাননে চলমান ১০ দিনের যুদ্ধবিরতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নাটকীয় মোড় এসেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘোষণা করেছেন যে, লেবাননের এই ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।
দীর্ঘ উত্তেজনার পর এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ এর ফলে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমার সম্ভাবনা দেখা দিয়েছে।
ইরান প্রণালিটি খুলে দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনই উঠছে না। তার মতে ,হরমুজ প্রণালি ব্যবসার জন্য প্রস্তুত হলেও একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।
ট্রাম্পের ভাষায়, "সমঝোতার বেশিরভাগ বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে," তাই তিনি পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন।