প্রতিবেদন প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৬:৩০
সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব ও দেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়া বর্তমানে সাধারণ মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত ও বিভ্রান্ত করছে। এই পরিস্থিতি মোকাবিলায় তরুণ প্রজন্মসহ সবাইকে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় আয়োজিত ‘জেসিআই কার্নিভাল’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, পার্লামেন্টের আলোচনা কিংবা রাজপথের বক্তৃতা অনেক সময় সাধারণ মানুষের প্রত্যাশার সাথে মেলে না। বিশেষ করে টেলিভিশন টক শো এবং সোশ্যাল মিডিয়া মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করছে।
তিনি বলেন,"সোশ্যাল মিডিয়ায় আপনারা এখন সবাই আক্রান্ত। এই বিষয়টি নিয়ে আপনাদের গুরুত্বের সাথে ভাবতে হবে। এমনকি অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশও তাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে।"
তিনি আরও যোগ করেন, সোশ্যাল মিডিয়া সবসময় ইতিবাচক কিছু বয়ে আনে না, যার প্রভাব আমাদের দেশে প্রকটভাবে পড়ছে।
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও জাতি হিসেবে কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো অধরা বলে মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশের মাথাপিছু আয় এবং জিডিপি এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি।
দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। একটি বিশাল জনগোষ্ঠী মানসম্মত শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
দেশের বিদ্যমান নানা সংকটের কথা তুলে ধরলেও তরুণদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন নতুন উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।
খাদ্য ঘাটতি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে দেশ আগামীতে আরও এগিয়ে যাবে।