প্রতিবেদন প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:৩৪
আন্দামান সাগরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে একটি বড় ধরনের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গা শরণার্থীসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সমুদ্রপথে যাত্রার একপর্যায়ে আন্দামান সাগরে তীব্র বাতাস এবং উত্তাল ঢেউয়ের মুখে পড়ে নৌযানটি।
ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে ট্রলারটি ভারসাম্য রক্ষা করতে পারেনি। প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে একপর্যায়ে এটি মাঝসমুদ্রে তলিয়ে যায়। নিখোঁজদের উদ্ধারে বা পরবর্তী পরিস্থিতি নিয়ে সংস্থাগুলো কাজ করছে।
এই ভয়াবহ নৌ-দুর্ঘটনার পর ইউএনএইচসিআর এবং আইওএম যৌথভাবে শোক প্রকাশ করে গভীর উদ্বেগ জানিয়েছে। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছেন বলে সংস্থা দুটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিখোঁজদের স্বজনদের মধ্যে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সমুদ্রপথে এই ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।