প্রতিবেদন প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, সময়ঃ ১২:১০
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে তিনি এই প্রকল্পের শুভ সূচনা করেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন। সেখানে তিনি উপস্থিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দিয়ে দেশব্যাপী এই গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করেন। নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে কৃষকদের জীবনমান উন্নয়নে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তার সফরের শুরুতে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। সমাবেশ শেষে তিনি টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত একটি কৃষি মেলার উদ্বোধন করবেন। এরপর দুপুরের দিকে তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে মোনাজাত করবেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন:
জিয়াকুন শী: প্রতিনিধি, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বাংলাদেশ।
সুলতান সালাউদ্দিন টুকু এমপি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরসহ পুরো জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে পুরো শহরকে। টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ কৃষক এই সমাবেশে যোগ দিয়েছেন।
নিরাপত্তার বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অনুষ্ঠানস্থল ও এর আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।