প্রতিবেদন প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৭:১৫
দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন শহরে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় হাসান বদাউই নামে লেবানিজ রেড ক্রসের এক চিকিৎসক (প্যারামেডিক) নিহত হয়েছেন। গত রবিবার এই হামলার ঘটনা ঘটে। জীবন রক্ষাকারী একজন চিকিৎসকের এমন মর্মান্তিক মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে, হামলার শিকার ওই চিকিৎসক যখন সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, তখনই তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ ঘটনায় গভীর শোক ও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, যারা অন্যের জীবন বাঁচাতে নিজেদের উৎসর্গ করেন, তাদের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এই ধরণের হামলার ফলে সাধারণ ও ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা পাওয়ার পথ সংকুচিত হয়ে পড়ছে, যা মানবিক বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
লেবাননে আইসিআরসির প্রতিনিধি দলের প্রধান অ্যাগনেস ধুর নিহত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেওয়া অত্যন্ত কষ্টের। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের সাধারণ মানুষ এই চিকিৎসকদের ওপরই নির্ভরশীল থাকে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”
তিনি আরও জোর দিয়ে বলেন যে, চিকিৎসা ও মানবকল্যাণে নিয়োজিত কর্মীরা যেন আহতদের কাছে নির্বিঘ্নে পৌঁছাতে পারেন এবং দায়িত্ব পালন শেষে নিরাপদে ফিরে আসতে পারেন, তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব।
ঘটনা পরবর্তী প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সংঘাতের সঙ্গে জড়িত সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার কঠোর আহ্বান জানিয়েছে। সংস্থাটি স্পষ্ট করে বলেছে যে, কোনো অবস্থাতেই চিকিৎসা কর্মী ও মানবিক সহায়তা প্রদানকারীদের লক্ষ্যবস্তু করা যাবে না। তাদের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের অবিচ্ছেদ্য অংশ।