আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৭:৩৫

দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মিল মালিকদের পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাব থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা নাকচ করে দিয়েছে সরকার।

 

আজ রবিবার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বা বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

 

বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলকে একটি 'অত্যন্ত সংবেদনশীল পণ্য' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “তেলের দাম বৃদ্ধি পেলে সাধারণ ক্রেতারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন এবং তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ কারণেই সরকার নিয়মিত বিরতিতে তেলের আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকে।” আজকের পর্যালোচনায় দাম বাড়ানোর মতো কোনো প্রয়োজনীয়তা দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

 

বিশ্ব পরিস্থিতি এবং চলমান যুদ্ধের কারণে সাধারণ মানুষের মাঝে যে উদ্বেগ রয়েছে, সে বিষয়ে সরকার সচেতন। মন্ত্রী স্পষ্ট করে জানান, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন কোনো পণ্যের দাম অহেতুক বাড়িয়ে না দেয়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব পেশ করেছিল। তবে সরকারের পক্ষ থেকে বর্তমান বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতেই দাম না বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।