সপরিবারে মঞ্চনাটক দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, সময়ঃ ০১:৩২

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে মঞ্চনাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি সেখানে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা মিলনায়তনে প্রবেশ করার সাথে সাথে দর্শকরা তুমুল করতালির মাধ্যমে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। হঠাৎ সরকারপ্রধানকে কাছে পেয়ে উপস্থিত শিশু দর্শক এবং অভিভাবকদের মধ্যে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নাটকের শিশুশিল্পীরাও তাদের প্রিয় ব্যক্তিত্বকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

অতিরিক্ত প্রেস সচিব জানান, বিনোদনের চেয়ে বরং শিশুশিল্পীদের সৃজনশীল কাজে উৎসাহিত করাই ছিল প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য। নাটক শেষে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও কন্যা শিশুশিল্পীদের সাথে কুশলবিনিময় করেন এবং একটি বিশেষ ফটোসেশনে অংশ নেন।

 

মঞ্চস্থ নাটক ‘কবি চিতাবাঘ’ শিকড় চিলড্রেন থিয়েটারের একটি প্রযোজনা। নওশিন আফসানা বৃষ্টির মূল গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। প্রধানমন্ত্রীর আগমনে শিশুশিল্পীরা যেমন হতচকিত হয়েছে, তেমনি কাছ থেকে তাকে দেখে আনন্দিতও হয়েছে।

 

উল্লেখ্য যে, এর আগে গত ৩ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় কন্যা জাইমা রহমানকে নিয়ে রাজধানীর সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্র দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধারাবাহিকভাবে শিল্প ও সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রীর এই অনুরাগ সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।