প্রতিবেদন প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, সময়ঃ ১২:২৩
ভারত থেকে আমদানি করা ২০০টি ব্রডগেজ কোচ শিগগিরই বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
মন্ত্রী জানান, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।
প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরো জানান, কোচগুলো সরবরাহ পাওয়ার পর নতুন ট্রেন চালু ও রুট নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বাংলাদেশ রেলওয়ে।