৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ৩৬৩১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:০৬

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের পক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়। এবারের লিখিত পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

 

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়েছিল। দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ ক্যাডারের পর কারিগরি ও পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ১৮ ডিসেম্বর পর্যন্ত চলমান ছিল।

 

এর আগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল রেকর্ড সময়ে প্রকাশ করে পিএসসি। গত বছরের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র ৯ দিনের মাথায় অর্থাৎ ২৮ সেপ্টেম্বর এর ফলাফল প্রকাশিত হয়েছিল।

 

২০২৪ সালের ২৮ নভেম্বর ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদের জন্য ৪৭তম বিসিএসের মূল বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যদিও শুরুতে আবেদন প্রক্রিয়া নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয় এবং ১০ ডিসেম্বর নির্ধারিত আবেদন শুরুর তারিখ স্থগিত করা হয়। পরবর্তীতে ওই বছরের ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু করা হয়।

 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের এখন পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার (ভাইভা) মুখোমুখি হতে হবে। শীঘ্রই ভাইভার সময়সূচি পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।