ইলিশের দাম সাধারণ মানুষের নাগালে আনতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, সময়ঃ ০১:৩৮

দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ সচল রেখে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ইলিশের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলেই বাজারমূল্য নিয়ন্ত্রণে আসবে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, ইলিশ সম্পদ রক্ষায় আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ শুরু হতে যাচ্ছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে চাঁদপুরে।


জাটকা ধরা, কেনাবেচা এবং মজুত করা থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংরক্ষণ সপ্তাহ চলাকালে সমুদ্র থেকে শুরু করে স্থানীয় বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

ভারতে ইলিশ পাঠানো নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার বাণিজ্যিকভাবে কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উপহার হিসেবে। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।