প্রতিবেদন প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৬:৫৫
দেশে হাম সংক্রমণের পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সংক্রমণের সন্দেহজনক উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৭৪ জনের শরীরে।
গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট নিশ্চিত রোগী ৯২৯ জন ,মোট সন্দেহজনক রোগী: ৫,৪৭০ জন ,হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৩৮০ জন ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহভাজন রোগীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।