দোকানপাট বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৬:৪২

দেশে চলমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিং মল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তই বহাল থাকছে। আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই কড়া নির্দেশনার কথা পুনর্ব্যক্ত করেন।

 

মন্ত্রী জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তাই জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় করা এখন সময়ের দাবি। আপাতত পরিস্থিতি বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

 

বৈঠকে মন্ত্রী দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের প্রতি সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, এটি কেবল সরকারের একার সিদ্ধান্ত নয়, বরং দেশের বৃহত্তর কল্যাণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করা হয়েছে। সমিতির নেতারা জানান, দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা মেনে নেবেন। তবে তারা অনুরোধ করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে যেন দোকান খোলা রাখার সময়সীমা পুনরায় নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হয়।

 

জ্বালানি সাশ্রয়ে সরকার এর আগেই অফিস সময় ও বাজার বন্ধের সময় নির্দিষ্ট করে দিয়েছিল। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর দেশের সব ধরনের শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক। এই নির্দেশ অমান্য করা হচ্ছে কি না, তা তদারকি করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও তদারকি চালানো হবে বলেও বৈঠকে জানানো হয়েছে।