প্রতিবেদন প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৬:২৪
ইসলামিক টিভি ডেস্ক: সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে বায়ুবাহিত রোগ হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৮৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি শনিবার পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন ৭৮৭ জন।
অন্যদিকে, ল্যাব পরীক্ষায় গত এক দিনে ৬০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮২৬ জন রোগী নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে শনাক্ত হলেন।
গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ গত কয়েক সপ্তাহে মোট ৯৮ জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই মৃত ৯৮ জনের মধ্যে ১৬ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছিল।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ৬২৮ জন রোগী ভর্তি হয়েছেন। আশার কথা হলো, সঠিক চিকিৎসা শেষে এই সময়ের মধ্যে ২ হাজার ৬৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
সারাদেশে হামের এই সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি বৃদ্ধি করেছে। বায়ুবাহিত এই রোগ থেকে বাঁচতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।