সংসদে আইন পাসের পরই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৩:২৩


দেশে স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরেই এই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। ১৪টি জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।


প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা স্থানীয় সরকার সংক্রান্ত অধ্যাদেশগুলো প্রথমে সংসদে পাস করতে হবে। বিশেষ করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের যে বিধান রয়েছে, তা সংসদের মাধ্যমে বাতিল করা হবে। এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।


নতুন নিয়োগ পাওয়া জেলা পরিষদ প্রশাসকদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছেন এবং সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছেন, তাদেরই এসব পদে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মূলত জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের যোগ্যতার ভিত্তিতেই এই দায়িত্ব দেওয়া হয়েছে।


মীর শাহে আলম স্পষ্ট করে বলেন, দলীয় বিবেচনায় প্রশাসকদের নিয়োগ দেওয়া হলেও তারা জবাবদিহিতার ঊর্ধ্বে নন। প্রতিটি কাজের জন্য তাদের নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে জবাবদিহিতার আওতায় আনা হবে।

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রশাসক এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।