জ্বালানি তেলের দাম বাড়ায় স্বস্তি দিচ্ছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৯:৩৪

ইসলামিক টিভি ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দিশেহারা পাকিস্তানের সাধারণ মানুষ। নাগরিকদের এই চরম সংকট থেকে স্বস্তি দিতে অভিনব এক ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রশাসন। এখন থেকে নির্দিষ্ট সময়ের জন্য রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশের বাসিন্দারা সম্পূর্ণ বিনা মূল্যে সরকারি গণপরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।

 

আগামী শনিবার (৪ মার্চ) থেকেই এই ফ্রি পরিবহন সেবা চালু হতে যাচ্ছে। মূলত শিক্ষার্থী, দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষের যাতায়াত কষ্ট লাঘব করতেই সরকার এই সাহসী পদক্ষেপ নিয়েছে।

 

সম্প্রতি পাকিস্তানে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় বহুগুণ বেড়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রলের দাম ১৩৭.২৩ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮.৪১ রুপিতে। পাশাপাশি ডিজেলের দাম ১৮৪.৪৯ রুপি বেড়ে বর্তমানে ৫২০.৩৫ রুপিতে পৌঁছেছে। এমন ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ায় সরকার এই ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের সরকারি বাস চলাচল বিনা মূল্যে করা হয়েছে। এই বিশেষ প্রকল্পে সরকারের ব্যয় হবে প্রায় ৩৫০ মিলিয়ন রুপি।

 

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ প্রদেশের বাসিন্দাদের জন্য বিশাল ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। এর আওতায় অরেঞ্জ লাইন ট্রেন , মেট্রো বাস ও স্পিডো বাস ,গ্রিন ইলেকট্রিক বাস রয়েছে ।

 

উপরোক্ত সব যানবাহনে যাত্রীরা কোনো টিকিট ছাড়াই যাতায়াত করতে পারবেন। মুখ্যমন্ত্রী জনগণকে ব্যক্তিগত গাড়ি বা বাইকের ব্যবহার কমিয়ে সরকারি যানবাহনে যাতায়াতের পরামর্শ দিয়েছেন।

 

মুখ্যমন্ত্রী আরও জানান, মোটরসাইকেল মালিকদের জ্বালানি ভর্তুকি পেতে হলে আগামী ১৫ দিনের মধ্যে যানবাহনটি নিজ নামে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের প্রাত্যহিক যাতায়াত খরচ উল্লেখযোগ্য হারে কমবে বলে মনে করা হচ্ছে।