প্রতিবেদন প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৯:১৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচিকে একটি ঐতিহাসিক বিপ্লব হিসেবে অভিহিত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই বিপ্লবটি সফল হলে বাংলাদেশ অনেক আগেই স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হতো। মাঝপথে এই উদ্যোগ বাধাগ্রস্ত হলেও এখন তারেক রহমানের নেতৃত্বে সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ জিয়ার দূরদর্শী চিন্তা ও দর্শনের আলোকে খাল খনন কর্মসূচিটি চললে আজ দেশের খালগুলোতে অবৈধ দখলদারিত্ব থাকতো না। তিনি আক্ষেপ করে বলেন, "আমরা খাল খনন করতে গিয়ে দেখছি মাঝপথে দোকানপাট ও ঘরবাড়ি গড়ে উঠেছে। যদি এই উন্নয়ন ধারা অব্যাহত থাকতো, তবে কলকারখানার বর্জ্য বা ড্রেনের পানি খালে মিশে পরিবেশ নষ্ট করতে পারতো না।"
তিনি আরও দৃঢ়তার সাথে জানান যে, এখন থেকে খাল তার নিজস্ব গতিতে চলবে এবং জনগণের এই চাওয়া পূরণে কোনো বাধা মানা হবে না।
এদিন মন্ত্রী নিজে কোদাল দিয়ে মাটি কেটে কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকা পর্যন্ত ১২.৬ কিলোমিটার দীর্ঘ 'সি-খাল' পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন। দীর্ঘ সময় সংস্কারহীন থাকার পর ১৯৭৮ সালের পর এই প্রথম খালটি পুনরায় খনন করা হচ্ছে।
২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলার অন্তত ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন এবং কৃষিকাজে ব্যাপক সুফল ভোগ করবেন।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,শাহাদাত হোসেন সেলিম ,সাহাব উদ্দিন সাবু (জেলা পরিষদ প্রশাসক) ,এস এম মেহেদী হাসান (জেলা প্রশাসক) ,মো. আবু তারেক (জেলা পুলিশ সুপার) ,নাহিদ উজ জামান খান (নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড)।
বক্তারা আশা প্রকাশ করেন, এই খাল খনন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষি অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে।