প্রতিবেদন প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৫:৪৭
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিশেষ অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, বর্তমানে বিদ্যমান জরুরি স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটিসহ সব ধরনের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এই নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন দেশের সকল পর্যায়ের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত জনস্বার্থে হাসপাতালের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাই এই আদেশের প্রধান লক্ষ্য।
এদিকে স্বাস্থ্য খাতের এই সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, বর্তমানে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সাময়িক স্বস্তি মিললেও যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
ভবিষ্যতে এ ধরনের সংকট সামাল দিতে একটি সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন তারা।