সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৪:০০

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি বিশালাকার জাহাজ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে চীনের পতাকাবাহী এই জাহাজটিকে বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা হয়। বর্তমানে জাহাজটি থেকে তেল খালাসের প্রস্তুতি চলছে।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম এই তথ্য নিশ্চিত করে জানান, জ্বালানি তেল নিয়ে আসার এই ধারা অব্যাহত রয়েছে। তিনি জানান, মালয়েশিয়া থেকে ডিজেলবাহী আরও একটি জাহাজ বর্তমানে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা দেওয়া এই জাহাজটি আজ শুক্রবার রাতের মধ্যেই বন্দরে ভিড়তে পারে।

 

এ ছাড়া, চীন থেকে এলপিজি (LPG) বহনকারী আরেকটি জাহাজ বঙ্গোপসাগর দিয়ে বন্দরের দিকে আসছে। আশা করা যাচ্ছে, শনিবার নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

 

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর এটি চট্টগ্রাম বন্দরে আসা নবম ডিজেলবাহী জাহাজ।

 

তিনি আরও উল্লেখ করেন যে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে বিকল্প উপায়ে পর্যাপ্ত জ্বালানি আমদানির পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে।