প্রতিবেদন প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ১২:৪৩
দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে সরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর থেকে সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদসচিব জানান, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর সব মার্কেট, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এই নির্দেশনা বাস্তবায়নে কঠোরভাবে মনিটরিং করবে।
তবে জনস্বার্থ বিবেচনায় কিছু সেবা ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা যাবে।
ওষুধের দোকান (ফার্মেসি) আগের মতোই রাত পর্যন্ত বা প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা থাকতে পারবে। রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোও এই নির্দেশনার বাইরে থাকছে।
হাসপাতাল সংলগ্ন এলাকা: হাসপাতাল বা জরুরি পরিষেবার সাথে যুক্ত কেন্দ্রগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বিদ্যুৎ সাশ্রয়ের এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।