প্রতিবেদন প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৫:৩৩
যুব কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সাইয়েদ বিন আবদুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে বর্তমান প্রধানমন্ত্রীর মেয়াদকাল থাকা পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি এই দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশেষ সহকারী হিসেবে নিয়োজিত থাকাকালীন তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য আনুষঙ্গিক শর্তসমূহ মূল চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
জনস্বার্থে নতুন পদায়ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থেই এই গুরুত্বপূর্ণ নিয়োগ প্রদান করা হয়েছে। মূলত দেশের যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও এ সংক্রান্ত তদারকি কার্যক্রমে তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি সহায়তা প্রদান করবেন।