প্রতিবেদন প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, সময়ঃ ০২:০২
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি পাওয়ায় খরচ কমাতে অভিনব পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, সরকারি ব্যয় ও জ্বালানির ব্যবহার কমাতে চলতি মাস থেকেই সরকারি কর্মীরা ঘরে বসে কাজ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা পাবেন।
রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে এই নতুন নীতি কার্যকর হতে যাচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং রাষ্ট্র-সংযুক্ত কোম্পানির (GLCs) কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন। মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো জ্বালানি ব্যবহারের হার কমিয়ে আনা এবং শক্তি সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত করা।” তিনি আরও জানান, এই নীতি কীভাবে পরিচালিত হবে তার বিস্তারিত রূপরেখা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
একই সাথে দেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোনাসসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে মালয়েশিয়া সরকার সাধারণ মানুষের জন্য খুচরা জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন ডলার ভর্তুকি দিচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে, ভর্তুকিবিহীন ডিজেলের দাম টানা চতুর্থ সপ্তাহের মতো বেড়েছে। যদিও আরওএন৯৭ (RON97) পেট্রোলসহ কিছু নির্দিষ্ট জ্বালানির দাম কিছুটা কমেছে।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে অনলাইনে কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য যাতে ছড়াতে না পারে, সে লক্ষ্যে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে সঠিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।