জাতীয় সংসদে উন্নত সাউন্ড সিস্টেম ও দ্রুতগতির ইন্টারনেটের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৮:৪৯

 জাতীয় সংসদ অধিবেশন কক্ষের শব্দ ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ইন্টারনেটের ধীরগতি দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

 

বৈঠকে সংসদীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংসদ অধিবেশন কক্ষে এমন একটি সাউন্ড সিস্টেম স্থাপন করতে হবে যা প্রতিধ্বনিমুক্ত। বিশেষ করে, শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে তা শোষণ করে নিতে সক্ষম (Sound Absorption) প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। সংসদীয় কার্যক্রম আরও স্পষ্টভাবে পরিচালনার লক্ষ্যে দ্রুত এই পদক্ষেপ নিতে বলা হয়েছে।

 

সাউন্ড সিস্টেমের পাশাপাশি সংসদ ভবনে ইন্টারনেটের গতি বৃদ্ধির বিষয়েও সুপারিশ করেছে কমিটি। এছাড়া বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ,মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত এমপি ভবনগুলোর সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি। সংসদ সদস্যদের জন্য সুপেয় পানির সংকট নিরসন। জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা। এমপি হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

 

কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কমিটির সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন এবং আবুল হাসনাত। বৈঠকে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, গৃহীত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।ঠে আসবে।