এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৩:৫০

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলের দিকে এই বিল জমা দেওয়া হয়। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত বৈশাখী ভাতার সারসংক্ষেপ তৈরির কাজও বর্তমানে চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার এই ভাতার প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে কোনো কারণে কাল সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতে প্রস্তাবটি পাঠানো হবে।


চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। আগামী জুলাই মাস পর্যন্ত এই প্রক্রিয়াই অব্যাহত থাকবে। তবে ইএফটি সুবিধা পেতে প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে সঠিক সময়ে অনলাইন বিল সাবমিট করা বাধ্যতামূলক।


মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে যে তথ্য দাখিল করবেন, সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। যদি কোনো মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল জমা না দেওয়া হয়, তবে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ইএফটির মাধ্যমে অর্থ পাবেন না।


অনলাইনে বিল সাবমিট করার পর তার একটি কপি ডাউনলোড করে তাতে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষর নিতে হবে। এই স্বাক্ষরিত কপিটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে দাপ্তরিক রেকর্ড হিসেবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই শিক্ষকদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।